যশোরে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক দুটি সফল অভিযান চালিয়ে শীর্ষ পর্যায়ের দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার গভীর রাতে শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এবং চাঁচড়া মধ্যপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার আলী আজীবর শেখের ছেলে অভিরাজ শেখ ফিরোজ ওরফে গোল্ডেন ফিরোজ (২৫) এবং চাঁচড়া মোল্লাপাড়া বাঁশতলা এলাকার ইনসান মিয়ার ছেলে রকিবুল ইসলাম রুবেল ওরফে বড় রুবেল (৩৬)।
:
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে বড় রুবেলের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক ও মাদক ব্যবসাসহ অন্তত ৩০টি মামলা রয়েছে। অন্যদিকে, গোল্ডেন ফিরোজের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও মাদক সংক্রান্ত অর্ধডজন মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপনে থেকে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
যশোর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বড় রুবেল চাঁচড়া মধ্যপাড়ার একটি বাড়িতে অবস্থান করে মাদক ব্যবসা পরিচালনা করছেন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে সাত বোতল ভারতীয় নিষিদ্ধ ‘উইন কোরেক্স’ সিরাপ উদ্ধার করা হয়।
পৃথক আরেকটি অভিযানে বেজপাড়া এলাকা থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী গোল্ডেন ফিরোজকে আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
:
ডিবির ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে শনিবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন। জনস্বার্থে সন্ত্রাস ও মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

