যশোর-নড়াইল মহাসড়কে বাস চাপায় বৃদ্ধ সবজি বিক্রেতা নিহত: সড়ক অবরোধ ও বিক্ষোভ

আরো পড়ুন

যশোর-নড়াইল মহাসড়কের সদর উপজেলার বাউলিয়া বাজারে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির বাস চাপায় হারেজ মোল্লা (৭০) নামে এক বৃদ্ধ সবজি বিক্রেতা নিহত হয়েছেন। গত শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত হারেজ মোল্লা বাউলিয়া গ্রামের মৃত মতলেব মোল্লার ছেলে। তিনি পেশায় একজন ক্ষুদ্র সবজি বিক্রেতা ছিলেন।
দুর্ঘটনার বিবরণ ও স্থানীয় ক্ষোভ: স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে বাউলিয়া বাজার থেকে প্রয়োজনীয় ওষুধ (স্যালাইন) কিনে বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিলেন হারেজ মোল্লা। এ সময় পেছন থেকে আসা নড়াইলগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস (‘নড়াইল স্টার এক্সপ্রেস’) তাকে সজোরে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। বাসের ধাক্কায় তিনি ছিটকে রাস্তায় পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর দীর্ঘ সময় নিহতের মরদেহ রাস্তার পাশে পড়ে থাকায় এবং এলাকায় বারবার এমন দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন। নিরাপদ সড়কের দাবিতে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা জনবহুল এই বাজারে গতিরোধক (স্পিড ব্রেকার) স্থাপনের জোরালো দাবি জানান। প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বিঘ্নিত হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশি ব্যবস্থা: খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। চাদঁ পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সিরাজ উদ্দিন জানান, স্থানীয়দের দাবির বিষয়টি আমলে নিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। ঘাতক বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে এবং এই ঘটনায় আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ