শার্শায় আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ২ সদস্য গ্রেপ্তার: চোরাই বাইক ও সরঞ্জাম উদ্ধার :

আরো পড়ুন

যশোরের শার্শা উপজেলার নাভারণে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নাভারণ-সাতক্ষীরা মোড়ের একটি গ্যারেজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল, বিভিন্ন জেলার ভুয়া নম্বর প্লেট এবং চুরির কাজে ব্যবহৃত মাস্টার চাবিসহ বিপুল সরঞ্জাম জব্দ করা হয়েছে।
আটককৃতদের পরিচয়:
গ্রেপ্তারকৃতরা হলো— সাতক্ষীরার শ্যামনগর থানার মনিরুজ্জামান (৩৭) এবং বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের রাকিব হোসেন (১৯)। পুলিশ জানায়, এই চক্রের মূলহোতা শফিয়ার রহমান ও খলিল গাজী বর্তমানে পলাতক রয়েছে।

শার্শা থানার এসআই শেখ আল আমিনের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে নাভারণ-সাতক্ষীরা মোড়ে অবস্থিত ‘শফি মোটরস ওয়ার্কসপ’ নামক গ্যারেজে অভিযান চালায়। সেখানে একটি ১৫০ সিসির ইয়ামাহা মোটরসাইকেলের যন্ত্রাংশ খোলার সময় হাতেনাতে ওই দুই যুবককে আটক করা হয়। পরবর্তীতে জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে জানা যায়, মোটরসাইকেলটি খুলনার সোনাডাঙ্গার এনায়েতুল ইসলামের। বাইকটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে চুরি হয়েছিল বলে নিশ্চিত করেছেন মালিক।
জিজ্ঞাসাবাদ ও অপরাধ পদ্ধতি:
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা খুলনা ও সাতক্ষীরাসহ বিভিন্ন জেলা থেকে বাইক চুরি করে নাভারণের এই গ্যারেজে নিয়ে আসত। এখানে বাইকের যন্ত্রাংশ আলাদা করে বা ভুয়া নম্বর প্লেট ব্যবহার করে সেগুলো বিক্রি করা হতো।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বুধবার (৪ মার্চ) যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, চক্রের পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
?

আরো পড়ুন

সর্বশেষ