যশোরে মাদকসহ শীর্ষ সন্ত্রাসী ‘পিচ্চি রাজা’র স্ত্রী গ্রেপ্তার

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোরের কুখ্যাত সন্ত্রাসী পিচ্চি রাজার চতুর্থ স্ত্রী ও পেশাদার মাদক কারবারি তৃষ্ণা আক্তার প্রিয়া ওরফে তৃষ্ণাকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) রাত ৮টার দিকে শহরের ষষ্ঠীতলা রেলবাজার রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই ওয়াহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ষষ্ঠীতলা রেলবাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় তৃষ্ণাকে আটক করার পর নারী পুলিশ সদস্যের সহায়তায় তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৪২ পুরিয়া গাঁজা, ১৭ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৪২ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, গ্রেপ্তারকৃত তৃষ্ণা একজন তালিকাভুক্ত পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি শহরের রেলগেট পশ্চিম পাড়ার জনৈক খোদেজার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। মূলত দীর্ঘদিন ধরেই তিনি এলাকায় মাদকের বিশাল সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছিলেন।

পুলিশ আরও জানায়, প্রিয়ার বিরুদ্ধে কোতোয়ালি থানায় আগে থেকেই ১০টি মাদক মামলা রয়েছে। বুধবারের এই ঘটনার পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি নতুন মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ