যশোরে চাকুসহ পুলিশের জালে আলোচিত তানভীর তান

আরো পড়ুন

যশোরের আলোচিত যুবক তানভীর হোসেন তানকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে চাঁচড়া ফাঁড়ি পুলিশ। গত রোববার রাতে কোতোয়ালি থানাধীন চাঁচড়া চেকপোস্ট এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে আতঙ্ক সৃষ্টির সময় তাকে হাতেনাতে আটক করা হয়। তবে অভিযানের সময় তার চার সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
আটক তানভীর হোসেন তান যশোর সদর উপজেলার পুলেরহাট বেড়বাড়ী গ্রামের আসলাম বাবুর ছেলে। এই ঘটনায় তানসহ মোট পাঁচজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন—একই গ্রামের নাজমুল, স্বপ্ন, শহিদুল্লাহ এবং মন্ডলগাতী গ্রামের নুরুজ্জামান।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত ১১টার দিকে চাঁচড়া চেকপোস্ট মোড় এলাকায় একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি প্রদর্শন করছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ। চাঁচড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শুভ কুমার রায়ের নেতৃত্বে একটি চৌকস টিম সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন কৌশলে পালিয়ে গেলেও তানভীরকে একটি চাকুসহ আটক করা হয়।
এসআই শুভ কুমার রায় জানান, আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার পলাতক বাকি চার আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তৎপর রয়েছে বলে তিনি জানান।

আরো পড়ুন

সর্বশেষ