যশোরে নেশার টাকার দাবিতে নিজের জন্মদাতা পিতাকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগে আসমাউল আলম জিসান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জিসান যশোর শহরতলীর চাঁচড়া চেকপোস্ট এলাকার জাহিদুল ইসলাম জামিলের ছেলে। সোমবার (২ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
:
মামলার এজাহার সূত্রে জানা গেছে, জিসান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। গত বছরের ২৯ আগস্ট সে তার পিতার কাছে ১০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে জিসান লাঠি দিয়ে পিটিয়ে তার পিতাকে রক্তাক্ত জখম করে।
:
নির্যাতনের মাত্রা ছাড়িয়ে গেলে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি জিসান পুনরায় তার পিতার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। এই বিপুল পরিমাণ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সে আবারও তার পিতাকে বেধড়ক মারপিট করে। এ সময় পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে জিসান পিতাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
:
গুরুতর আহত জাহিদুল ইসলাম জামিলকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সুস্থ হওয়ার পর গত ১৯ ফেব্রুয়ারি তিনি নিজের সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক অভিযোগটি আমলে নিয়ে যশোর কোতোয়ালি থানাকে নিয়মিত মামলা রেকর্ড ও আসামিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন।
:
আদালতের নির্দেশের পর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে জিসানকে আটক করে। সোমবার পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মাদকাসক্ত সন্তানদের হাতে অভিভাবকদের এমন লাঞ্ছিত হওয়ার ঘটনায় স্থানীয় সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছেন।
যশোরে টাকার দাবিতে পিতাকে পিটিয়ে জখম: মাদকাসক্ত ছেলে জিসান গ্রেপ্তার

