যশোরের দেয়াড়া ইউনিয়নের মটবাড়িয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে এক পক্ষের একই পরিবারের চারজন এবং অপরপক্ষের একজনসহ মোট পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলায় আহতরা হলেন— কোহিনুর বেগম, তার ছেলে হাসানুজ্জামান, দুই ভাতিজা (চাচাতো ভাই) নাঈম রেজা ও তাসনিম। এছাড়া অন্য পক্ষ থেকে আব্দুর রহমান নামে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনার প্রেক্ষাপট:
আহত কোহিনুর বেগমের ছোট ভাই ইঞ্জিনিয়ার কামাল আহমেদ অভিযোগ করেন, প্রতিবেশী আব্দুর রহমানদের সাথে তাদের পৈতৃক ও ক্রয়কৃত জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, এই বিরোধকে কেন্দ্র করে স্থানীয়ভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ‘সাইফুল’ নামে এক ব্যক্তি ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে আব্দুর রহমানের পক্ষ নিয়ে এই বর্বরোচিত হামলা চালিয়েছেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জুবায়ের জানিয়েছেন, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত হলেও কোহিনুর বেগমের আঘাত অত্যন্ত গুরুতর। তার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার খবর পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, এসআই আল আমিনের নেতৃত্বে পুলিশ বিস্তারিত তথ্য সংগ্রহ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ঘটনাস্থল থেকে এসআই আল আমিন সংবাদমাধ্যমকে জানান, আব্দুর রহমান পক্ষ জমিটি পৈতৃক দাবি করলেও কোহিনুর বেগম পক্ষ এটি ক্রয়সূত্রে মালিকানা দাবি করছে। এই পাল্টাপাল্টি দাবির জেরেই সংঘর্ষের সূত্রপাত। এছাড়া ঘটনার সাথে অভিযুক্ত সাইফুলের সম্পৃক্ততার বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

