যশোরে ব্যবসায়ীকে আটকে রেখে চাঁদাবাজি: নারী গ্রেপ্তার, সহযোগী পলাতক

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক, যশোর যশোরে এক ব্যবসায়ীকে কৌশলে ডেকে এনে আটকে রেখে মারধর ও চাঁদাবাজির অভিযোগে বৃষ্টি নামে এক নারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে চাঁচড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত বৃষ্টি ওই এলাকার ফজলুর রহমানের মেয়ে।
এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মিজানুর রহমান বাদী হয়ে বৃষ্টি ও তার সহযোগী স্বাধীনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার অপর আসামি স্বাধীন চাঁচড়া বাজার এলাকার ভগো মিস্ত্রির ছেলে।
ঘটনার বিবরণ: মামলার এজাহার সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেরালকাতা দরবাসা গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মিজানুর রহমানের সাথে বৃষ্টির পূর্বপরিচয় ছিল। সেই সুবাদে শুক্রবার সকালে বৃষ্টি তাকে মোবাইল ফোনে যশোরে আসার আমন্ত্রণ জানান। মিজানুর যশোর পৌঁছালে তাকে কৌশলে স্বাধীনের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
সেখানে পৌঁছানো মাত্রই স্বাধীনসহ আরও কয়েকজন তাকে ধারালো চাকুর মুখে জিম্মি করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে তাকে ব্যাপক মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একপর্যায়ে অভিযুক্তরা তার কাছে থাকা নগদ ৮ হাজার ৮৮০ টাকা ছিনিয়ে নেয়। এরপর তার ব্যবহৃত মোবাইল ফোন ও অ্যাপাচি মোটরসাইকেলটি রেখে দিয়ে তাকে জোরপূর্বক একটি বাসে তুলে দেওয়া হয়। এসময় বিষয়টি কাউকে জানালে তাকে মিথ্যা ধর্ষণ মামলায় ফাঁসানোর হুমকি দেয় অভিযুক্তরা।
পুলিশি তৎপরতা: ভুক্তভোগী ব্যবসায়ী ছাড়া পেয়ে দ্রুত বিষয়টি পুলিশকে অবহিত করেন। অভিযোগ পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম রাতেই অভিযান চালিয়ে বৃষ্টিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহমুদুল ইসলাম জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রধান আসামি স্বাধীনসহ জড়িত অন্যদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ