বেনাপোল বন্দরে কাস্টমস কর্মকর্তা ও সিএন্ডএফ এজেন্টদের মধ্যে হাতাহাতি: আমদানি-রপ্তানি সাময়িক বন্ধ

আরো পড়ুন

বেনাপোল (যশোর) প্রতিনিধি: দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের কার্গো শাখায় তথ্য এন্ট্রিতে ভুল ও কাস্টমস কর্মকর্তার দুর্ব্যবহারকে কেন্দ্র করে সিএন্ডএফ এজেন্ট ও কাস্টমস সদস্যদের মধ্যে চরম উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে অচল হয়ে পড়ে।
:
ভুক্তভোগী সিএন্ডএফ এজেন্ট ও কর্মচারীদের অভিযোগ, কার্গো শাখায় আমদানিকৃত পণ্যের তথ্য এন্ট্রির সময় কাস্টমস কর্মকর্তারা প্রায়ই ইচ্ছাকৃতভাবে ভুল করেন। পরবর্তীতে সেই ভুল সংশোধনের জন্য তারা আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টদের কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবি করেন। এই অনিয়ম নিয়ে কথা বলতে মঙ্গলবার বিকেলে কার্গো শাখায় যান সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামসুর রহমান।
উত্তেজনা ও হাতাহাতি:
অভিযোগ রয়েছে, আলোচনার একপর্যায়ে দায়িত্বরত সহকারী রাজস্ব কর্মকর্তা শাহিন আলী এবং সেখানে উপস্থিত কাস্টমস সিপাহীরা সভাপতির সাথে চরম অশোভন আচরণ ও দুর্ব্যবহার করেন। এই খবর দ্রুত সিএন্ডএফ কর্মচারী ও এজেন্টদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা বিক্ষুব্ধ হয়ে কাস্টমস অফিসের সামনে জড়ো হন। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
ঘটনার প্রতিবাদে কাস্টমস কর্মকর্তারা তাৎক্ষণিক কাজ বন্ধ করে দিলে বন্দরে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়ে এবং তীব্র পণ্যজটের শঙ্কা দেখা দেয়। উদ্ভূত পরিস্থিতিতে কাস্টমসের যুগ্ম কমিশনার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে শান্ত করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কাস্টমস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিষয়টি স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) উভয়পক্ষের প্রতিনিধিদের নিয়ে একটি জরুরি বৈঠকের আহ্বান করা হয়েছে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বন্দরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ