বেনাপোলে ঐতিহ্যবাহী বলফিল্ড মাঠ রক্ষার দাবিতে এসিল্যান্ড বরাবর স্মারকলিপি প্রদান

আরো পড়ুন

বেনাপোলের ঐতিহ্যবাহী ‘বলফিল্ড’ মাঠকে ঈদগাহ ময়দানে রূপান্তরের উদ্যোগ বন্ধ এবং মাঠটি খেলার জন্য সংরক্ষণের দাবিতে উপজেলা প্রশাসন বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সচেতন নাগরিকরা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ নিয়াজ মাখদুমের নিকট এলাকাবাসীর পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বেনাপোল বলফিল্ড মাঠটি দীর্ঘকাল ধরে স্থানীয় কিশোর ও তরুণদের খেলাধুলা, শরীরচর্চা এবং সামাজিক কর্মকাণ্ডের একমাত্র উন্মুক্ত স্থান হিসেবে পরিচিত। প্রতিদিন এখানে কয়েকশ তরুণ ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া অনুশীলন করে থাকে। মাঠটি শুধু একটি খেলার জায়গা নয়, বরং এলাকার যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এটি রক্ষাকবচ হিসেবে কাজ করছে।
ক্রীড়াপ্রেমীদের উদ্বেগ
আবেদনকারীরা জানান, তারা ধর্মীয় কার্যক্রমের গুরুত্বকে পূর্ণ শ্রদ্ধা করেন। তবে বেনাপোল বাজারে খেলাধুলার জন্য বিকল্প কোনো উন্মুক্ত মাঠ নেই। এমতাবস্থায় ঐতিহ্যবাহী এই মাঠটিকে ঈদগাহে রূপান্তর করা হলে স্থানীয় ক্রীড়াঙ্গন স্থবির হয়ে পড়বে এবং ভবিষ্যৎ প্রজন্ম শরীরচর্চার সুযোগ থেকে বঞ্চিত হবে।

স্মারকলিপি প্রদানকালে স্থানীয় প্রতিনিধিরা বলেন, “আমরা চাই মাঠটি তার আদি ও অকৃত্রিম রূপে টিকে থাকুক। জনস্বার্থে এবং তরুণ প্রজন্মের সুস্থ বিকাশের কথা চিন্তা করে উপজেলা প্রশাসন যেন দ্রুত হস্তক্ষেপ করে এবং মাঠটি স্থায়ীভাবে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করে।”
সহকারী কমিশনার (ভূমি) আবেদনটি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, প্রশাসন জনদাবির প্রতি সম্মান জানিয়ে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে।

আরো পড়ুন

সর্বশেষ