মণিরামপুর পৌর ও কলেজ ছাত্রদলের দুই শীর্ষ নেতা বহিষ্কৃত

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক, যশোর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যশোরের মণিরামপুর পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের দুই শীর্ষ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে যশোর জেলা ছাত্রদলের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মো: কামরুজ্জামান: আহ্বায়ক, মণিরামপুর পৌর ছাত্রদল।
মো: সায়েদ হাসান অমি: সভাপতি, মণিরামপুর সরকারি কলেজ ছাত্রদল।

দলীয় সূত্রমতে, আসন্ন নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে তারা প্রকাশ্যে ধানের শীষের মনোনীত প্রার্থী রশীদ আহমাদের বিপক্ষে অবস্থান নেন। অভিযোগ রয়েছে, তারা স্বতন্ত্র প্রার্থী (কলস প্রতীক) শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছিলেন। সুনির্দিষ্ট এই অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

যশোর জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক রাজিবুল হক তূর্য্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাদের সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো: ওমর ফারুক তারেক এবং সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান বাপ্পি এই বহিষ্কারাদেশে অনুমোদন প্রদান করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ