লোহাগড়ায় লাটা গাড়ির ধাক্কায় আহত মোটরসাইকেল চালকের মৃত্যু

আরো পড়ুন

নড়াইল নড়াইলের লোহাগড়া উপজেলায় বালু বোঝাই অবৈধ ইঞ্জিনচালিত যান ‘লাটা গাড়ি’ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত যুবক আব্দুর রহিম মোল্যা (২২) মারা গেছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বুধবার সকালে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আব্দুর রহিম কাশিপুর ইউনিয়নের বসুপটি গ্রামের দাউদ মোল্যার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে আব্দুর রহিম মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে এড়েন্দা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ফেদী-এড়েন্দা আঞ্চলিক সড়কের সুইচ গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই লাটা গাড়ির সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় আব্দুর রহিম গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে টানা চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যুর বিষয়টি পুলিশ অবগত হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ