নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংশনে ট্রেনের ধাক্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে ইঞ্জিন পরিবর্তনের সময় অসাবধানতাবশত এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম মাহদী হাসান মুরাদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি লালমনিরহাট জেলায়।
প্রত্যক্ষদর্শী ও সহযাত্রীদের সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনটি আব্দুলপুর জংশনে এসে থামে। সেখানে ট্রেনের ইঞ্জিন পরিবর্তনের প্রক্রিয়া চলছিল। এ সময় মাহদী হাসান প্ল্যাটফর্মের অন্য পাশে যাওয়ার জন্য রেললাইন পার হতে যান। দুর্ভাগ্যবশত, চলন্ত ইঞ্জিনের ধাক্কায় তিনি লাইনের ওপর পড়ে যান এবং চাকা তার একটি পায়ের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
একই ট্রেনের যাত্রী ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ইউসুফ জানান, “প্রথমে আমরা দুর্ঘটনার খবর শুনলেও বুঝতে পারিনি তিনি আমাদেরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।”
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান। তিনি বলেন, “এটি অত্যন্ত বেদনাদায়ক একটি সংবাদ। আমরা ইতিহাস বিভাগের সভাপতি এবং স্থানীয় রেলওয়ে প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরসহ যাবতীয় বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

