| ঢাকা নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর মিন্টো রোড এলাকা। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এই আদেশ নিশ্চিত করেন।
শুক্রবার সকালে নবম পে-স্কেলের গেজেট দ্রুত বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের সরকারি চাকরিজীবীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে যাত্রা শুরু করেন।
বেলা ১১টার দিকে মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন সড়কে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে। আন্দোলনকারীরা পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে দুই পক্ষের মধ্যে ব্যাপক ধাক্কাধাক্কি শুরু হয়। পরিস্থিতি একপর্যায়ে সহিংস রূপ নিলে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল, জলকামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
পুলিশের অ্যাকশনে মিছিলটি সাময়িকভাবে ছত্রভঙ্গ হলেও কিছুক্ষণ পর আন্দোলনকারীরা আবারও সংগঠিত হয়ে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করেন। এতে করে বেলা সাড়ে ১১টার পর থেকে ওই এলাকায় দফায় দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। রণক্ষেত্রে পরিণত হয় মিন্টো রোড ও আশপাশের এলাকা।
উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি জানান, জননিরাপত্তা ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষা নিশ্চিত করতে যমুনা ও এর পার্শ্ববর্তী এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এখন থেকে ওই এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ বা মিছিল নিষিদ্ধ থাকবে।
বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি থমথমে অবস্থায় বিরাজ করছে।

