নিজস্ব প্রতিবেদক, যশোর যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির এবং তার স্ত্রী ফারদীনা রহমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক এম এম মোর্শেদ এই আদেশ প্রদান করেন।
দুদকের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক অনুসন্ধান চালাচ্ছে। দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সালাহউদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত দল বর্তমানে এই অভিযোগের তদন্ত করছে।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, গোপন সূত্রে জানা গেছে অভিযুক্ত দম্পতি আইন এড়াতে দেশ ত্যাগের পরিকল্পনা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অভিযোগ সংক্রান্ত সাক্ষ্য-প্রমাণ সংগ্রহে জটিলতা সৃষ্টি হতে পারে এবং চলমান অনুসন্ধান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে।
এ অবস্থায় অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তাদের দেশত্যাগে জরুরি নিষেধাজ্ঞা প্রয়োজন বলে দুদকের পক্ষ থেকে আদালতে যুক্তি তুলে ধরা হয়। শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন।
যশোর ২ সাবেক এমপি মনির ও তার স্ত্রীর বিদেশ গমনে আদালতের নিষেধাজ্ঞা

