জমাদক মামলায় তিন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এই রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত পিপি হাজী আনিছুর রহমান মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: চৌগাছা উপজেলার কারিকরপাড়ার মৃত নান্নুর ছেলে আসলাম, একই গ্রামের নুর ইসলামের ছেলে বাবু এবং খুলনা ফুলতলার পয়গ্রামের রোস্তম আলীর ছেলে ইকরাম আলী শেখ।
আদালত সূত্র জানায়, ২০১২ সালের ৩ সেপ্টেম্বর দিবাগত রাত তিনটার দিকে যশোর ডিবি পুলিশ খবর পায় যে, চৌগাছা থেকে দুটি মোটরসাইকেলে করে মাদক ব্যবসায়ীরা আসছে। ডিবি পুলিশ তখন ঢাকা রোডের বাবলাতলা এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে তিনটার দিকে আসামিরা মোটরসাইকেলযোগে নিউমার্কেটের দিকে যাওয়ার সময় পুলিশ তাদের ঘিরে ফেলে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা ফেনসিডিল থাকার কথা স্বীকার করে। পরে তাদের কাছ থেকে ব্যাগে রাখা মোট ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশের এসআই আবুল খায়ের বাদী হয়ে ওই তিনজনসহ পুরাতন কসবা রায়পাড়ার সালাম শেখের ছেলে মফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত করে ডিবির এসআই ইউনুস আলী সাজাপ্রাপ্ত তিন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন এবং অপরজনকে অব্যাহতির আবেদন জানান।
বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণার দিনে বিচারক তিন আসামির প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, সেই সাথে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্ত তিনজনই পলাতক রয়েছেন।
যশোরে তিন মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

