পঞ্চগড়ে কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা ব্যর্থ, যুবক আটক

আরো পড়ুন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ভজনপুর শাখায় ডাকাতি চেষ্টার সময় এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। বুধবার (২৭ আগস্ট) রাতে উপজেলার ভজনপুর ইউনিয়নের ভজনপুর বাজারে এই ঘটনা ঘটে।

আটক সহিদুল হক একই ইউনিয়নের সারাপিগছ এলাকার শুকরু মোহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাংকের নাইটগার্ড রাতের খাবারের জন্য নিচে নামেন। কিছুক্ষণ পর তিনি ব্যাংকের ভিতরে আলো জ্বলে ওঠা ও অস্বাভাবিক শব্দ শুনতে পান। সন্দেহ হলে সঙ্গে সঙ্গে ব্যাংক ম্যানেজার ও অন্যান্য কর্মকর্তাদের খবর দেন এবং স্থানীয়দের ডাকেন। পরে স্থানীয়দের সহায়তায় ব্যাংকের ভিতরে প্রবেশ করে যুবককে হাতেনাতে ধরা হয়। তার ব্যাগ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয় এবং ভল্টে ডাকাতির চেষ্টার চিহ্নও পাওয়া যায়।

ভজনপুর ইউনিয়নের ইউপি সদস্য তবিবর রহমান জানান, আটক যুবক বিকেলে ব্যাংকে লুকিয়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। রাতের অন্ধকারে সবাই বের হলে সে ডাকাতির চেষ্টা চালায়। গুরুত্বপূর্ণ বাজারে অবস্থানরত ব্যাংকে এই ধরনের চেষ্টা উদ্বেগজনক হলেও স্থানীয়দের সহযোগিতায় তা ব্যর্থ হয়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মূসা মিয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আটক যুবকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

সর্বশেষ