যশোরে ঝুঁকিপূর্ণ যানবাহনবিরোধী বিআরটিএ’র অভিযান শুরু

আরো পড়ুন

যশোরের বিভিন্ন সড়ক ও মহাসড়কে চলাচলকারী ২০ বছরের বেশি পুরনো যাত্রী ও পণ্যবাহী ঝুঁকিপূর্ণ যানবাহন অপসারণে বিশেষ অভিযান শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গতকাল রোববার দিনভর বিআরটিএ যশোর সার্কেলের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা অভিযানে ২০ বছরের বেশি পুরনো বাস-মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরনো ট্রাক ও কাভার্ডভ্যানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। যশোর শহরের মণিহার এলাকা থেকে দুপুর ১২টার দিকে অভিযানের সূচনা হয়। যশোর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের সমন্বয়ে এ কার্যক্রম পরিচালিত হয়।

অভিযান চলাকালে যশোর-নড়াইল সড়কে চলাচলরত বিভিন্ন বাস ও ট্রাক থামিয়ে যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়।

বিআরটিএ যশোর সার্কেলের সহকারী পরিচালক এ.এসএম ওয়াজেদ হোসেন জানান, অভিযানের প্রথম দিনেই ফিটনেস ও বৈধ কাগজপত্রবিহীন ১০টি বাস ও ট্রাকের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, “এই উদ্যোগ মালিক সমিতির সহযোগিতায় নেওয়া হয়েছে। সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনা কমানোই আমাদের মূল লক্ষ্য। অভিযান নিয়মিত চলবে।”

অভিযানে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাইমুর রহমান নাইম, বিআরটিএ’র সহকারী পরিচালক এ.এসএম ওয়াজেদ হোসেন, পুলিশ ইন্সপেক্টর মামুনুর রশিদ এবং মোটরযান পরিদর্শক তারিক হাসান ও অনিমেষ মন্ডল।

সংশ্লিষ্টদের আশা, এই কার্যক্রমের ফলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং যাত্রীরা আরও নিরাপদে চলাচল করতে পারবেন।

আরো পড়ুন

সর্বশেষ