কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম নাঈম (১৪)। সে ফুলবাড়ী সদর ইউনিয়নের পশ্চিম পানিমাছকুটি গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। শুক্রবার (১৩ জুন) দুপুরে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আমিনুল ইসলাম ও রফিকুল ইসলাম জানান, আব্দুল খালেকের দুই ছেলের মধ্যে নাঈম ছোট। শুক্রবার দুপুর ১২টার দিকে নাঈম তাদের বাড়ির পাশে সড়কের একটি জাম গাছের পাকা জাম পাড়তে গাছে ওঠে। উঁচু ডাল থেকে জাম পাড়ার এক পর্যায়ে পা পিছলে নিচে পড়ে সে গুরুতর আহত হয়।
পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় নাঈমকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর দুইটার দিকে তার মৃত্যু হয়।
ছোট ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাম গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

