বেনাপোলে ঈদের রাতে বিএনপি নেতা হত্যা মামলায় গ্রেফতার ২

আরো পড়ুন

যশোরের বেনাপোলে ঈদের রাতে বিএনপি নেতা আব্দুল হাই হত্যা মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন আহসান কবির ওরফে সোহেল রানা (৩১) এবং রিপন হোসেন ওরফে বাতু (৩০)।

পুলিশ জানিয়েছে, গত রবিবার (৮ জুন) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। আহসান কবিরকে যশোরের কোতোয়ালি থানা এলাকার ছোট মেঘলা (চাঁচড়া) গ্রাম থেকে এবং রিপন হোসেনকে বেনাপোল পোর্ট থানা এলাকার ডুবপাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। আহসান কবির আতিয়ার রহমানের ছেলে এবং রিপন হোসেন মমিনুর রহমানের ছেলে।

গত শনিবার (৭ জুন), ঈদের দিন রাতে ডুবপাড়া গ্রামে বোমা হামলায় ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল হাইকে হত্যা করা হয়। এই ঘটনায় থানায় মামলা দায়ের হলে পুলিশ অভিযান শুরু করে। গ্রেফতারকৃত দুজনই মামলার এজাহারভুক্ত আসামি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানিয়েছেন, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে। একই সাথে, এ মামলার পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ