যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মানকিয়া গ্রামে গভীর রাতে ভোট ডাকাতির চেষ্টা চালিয়েছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। বুধবার দিবাগত রাতে মানিকিয়া ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ও কেন্দ্র দখলের উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালাতে গেলে স্থানীয় গ্রামবাসী তাদের হাতেনাতে ধরে ফেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক দেড়টার দিকে জামায়াত-শিবিরের একদল ক্যাডার দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে মানিকিয়া ভোটকেন্দ্রের দিকে অগ্রসর হয়। তাদের উদ্দেশ্য ছিল রাতের আঁধারে কেন্দ্র দখল করে ভোট ডাকাতি করা।
তবে আগে থেকেই সতর্ক থাকা গ্রামবাসী বিষয়টি টের পেয়ে গেলে চারপাশ থেকে ঘেরাও করে ফেলে। ওই সময় হামলাকারীরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে বেশ কয়েকজনকে ধরে ফেলে উত্তেজিত জনতা। পরে তাদের দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে রাখা হয়।
আটকদের কাছ থেকে বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র, লাঠি এবং সন্দেহভাজন সরঞ্জাম উদ্ধার করেছে স্থানীয়রা। গ্রামবাসীর অভিযোগ, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে এবং সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক ছড়াতেই জামায়াত-শিবির এই নাশকতার পরিকল্পনা করেছিল।
খবর পেয়ে রাতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিজিবি ও পুলিশের বিশেষ দল। জনতা কর্তৃক আটককৃতদের উদ্ধার করে তারা নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং কেন্দ্র পাহারায় অতিরিক্ত সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
শার্শা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কোনোভাবেই ভোটগ্রহণে বিঘ্ন ঘটতে দেওয়া হবে না।

