যশোর-৩ (সদর) আসনের তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। এতে আবু হোসেন (২৫) ও আব্দুল গণি (৫০) নামে দুই জামায়াত কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
আহত আবু হোসেন জানান, সকালে তিনি ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় অতর্কিতভাবে একদল লোক তার ওপর হামলা চালায় এবং পিটিয়ে জখম করে। আবু হোসেনের অভিযোগ, হামলাকারীরা বিএনপি সমর্থিত নেতাকর্মী। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
ল
এদিকে, একই গ্রামের আব্দুল গণি নামে অপর এক ব্যক্তি অভিযোগ করেছেন, তিনি ভোট দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে প্রতিপক্ষের লোকজন তাকে পথরোধ করে। এ সময় তাকে চড়-থাপ্পড় মেরে এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বলে তিনি জানান।
ঘটনার খবর পাওয়ার সাথে সাথে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী ও বিজিবির বিশেষ টহল দল। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দ্রুত এলাকা ত্যাগ করে। বর্তমানে ওই কেন্দ্রের বাইরে এবং আশেপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং সেনাবাহিনী ও বিজিবির কড়া নজরদারিতে ভোটগ্রহণ চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে তালবাড়িয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

