লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের শূন্যরেখার কাছে গভীর রাতে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি বসানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বাধার মুখে নির্মাণকাজ বন্ধ রাখা হয়।
স্থানীয় সীমান্তবাসীদের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৯ ফেব্রুয়ারি) গভীর রাতে দহগ্রামের কলোনিপাড়া সীমান্ত এলাকায় বিএসএফ ভারতীয় নাগরিকদের দিয়ে শূন্যরেখার তিন থেকে পাঁচ গজের মধ্যে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন শুরু করে। শনিবার সকাল পর্যন্ত প্রায় ৫০০ গজ এলাকায় এই নির্মাণকাজ চালানো হয়। খবর পেয়ে বিজিবি জওয়ানরা ঘটনাস্থলে উপস্থিত হলে বিএসএফ নির্মাণকাজ বন্ধ করে। তবে তারা নিজেদের সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হলে তারা সাড়া দেয়। এরপর শনিবার (১ মার্চ) বিকেলে সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে পানবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন, আর বিএসএফের পক্ষে ভোটবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার জালম সিং নেতৃত্ব দেন।
পানবাড়ী বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফর রহমান জানিয়েছেন, বিনা নোটিশে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কঠোর প্রতিবাদ জানানো হয়েছে এবং সীমান্তে টহল বাড়ানো হয়েছে।
রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম আলদীন বলেন, “বিএসএফ জানিয়েছে, তাদের জেলা প্রশাসনের সহায়তায় ভারতীয় গ্রামবাসীরা সীমান্তে বেড়া নির্মাণ শুরু করেছিল। তবে দুই বাহিনীর উচ্চপর্যায়ের বৈঠকে সীমান্তে আপাতত কোনো স্থাপনা নির্মাণ না করার সিদ্ধান্তের বিষয়টি তাদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।”

