দেশের কৃষিখাতে ব্যবহারের জন্য সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ৯০ হাজার টন সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে ৬০ হাজার টন ইউরিয়া ও ৩০ হাজার টন ফসফেট সার। এ সব সার আমদানিতে মোট ব্যয় হবে ৩৩৯ কোটি ৬৬ লাখ টাকা।
বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সংক্রান্ত তিনটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বৈঠকের তথ্য অনুযায়ী, শিল্প মন্ত্রণালয়ের আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে সৌদি আরবের কৃষি পুষ্টি কোম্পানি (সাবিক) থেকে ১১তম লটে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় হবে ১২৩ কোটি ২৩ লাখ ৮৮ হাজার টাকা, যেখানে প্রতি টন সারের দাম পড়বে ৩৪২.৩৩ মার্কিন ডলার।
একই অর্থবছরে কাতার এনার্জি মার্কেটিং থেকে ৬ষ্ঠ লটে ৩০ হাজার টন ব্যাগড প্রিল্ড ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন পেয়েছে। এই সার আমদানিতে ব্যয় হবে ১৩৩ কোটি ৮ লাখ ১২ হাজার টাকা। প্রতি টন সারের দাম নির্ধারণ করা হয়েছে ৩৬৯.৬৭ মার্কিন ডলার।
অন্যদিকে, উন্মুক্ত পদ্ধতিতে সংযুক্ত আরব আমিরাতের মেসার্স জেনট্রেড এফজেডই নামের প্রতিষ্ঠান থেকে ৩০ হাজার টন রক ফসফেট আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৮২ কোটি ৬২ লাখ টাকা এবং প্রতি টন সারের দাম পড়বে ২২৯.৫০ মার্কিন ডলার।

