বাংলাদেশে তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যে পুরনো দ্বন্দ্ব আবারও সামনে এসেছে। মঙ্গলবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘ওলামা মাশায়েখ’ সমাবেশে তাবলিগের শূরায়ে নিজাম পক্ষের অনুসারীরা দিল্লির মাওলানা সাদ কান্ধলভির সমর্থকদের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেন এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি তোলেন।
তাবলিগ জামাতের মূল বিরোধ মাওলানা সাদ কান্ধলভির নেতৃত্বকে ঘিরে, যাকে তাবলিগের বিশ্ব আমির করা হয় ২০১৫ সালে। কিন্তু ২০১৭ সালে তার কিছু বিতর্কিত বক্তব্য দেওবন্দি মাদ্রাসা ও কওমি মাদ্রাসাভিত্তিক আলেমদের মধ্যে আপত্তির কারণ হয়ে দাঁড়ায়। এর ফলে বিশ্বজুড়ে তাবলিগ জামাতের অনুসারীরা মাওলানা সাদ সমর্থক এবং শূরায়ে নিজাম নামে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। বাংলাদেশেও এই বিভাজন ছড়িয়ে পড়ে, যার প্রেক্ষিতে দুই ভাগে আলাদা ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত হয়।
মঙ্গলবারের সমাবেশে বক্তারা সরকারকে কাকরাইল মসজিদ এবং টঙ্গীর ইজতেমা শূরায়ে নিজামের অধীনে রাখার আহ্বান জানান এবং মাওলানা সাদের অনুসারীদের কার্যক্রম বন্ধ করার দাবি করেন।

