নড়াইল সদরে জ্বালানি তেল না পেয়ে ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক সুজাত আলী মোল্যা (৫০)কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। রোববার (২৯ মার্চ) বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার সুজাত আলী মোল্যা নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী (দক্ষিণপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি মো. ছাইদুর রহমান ওরফে তহিদুর মোল্যার ছেলে।
ঘটনাটি ঘটে শনিবার (২৮ মার্চ) মধ্যরাতে নড়াইল সদরের তুলারামপুর রেল সেতুর পূর্ব প্রান্তে যশোর-নড়াইল মহাসড়কের তানভীর ফিলিং স্টেশনের সামনে। নিহত নাহিদ সরদার ওই ফিলিং স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি একই ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নাহিদের বন্ধু জিহাদুল মোল্যা (২৯)। তাকে প্রথমে জেলা হাসপাতালে নেওয়া হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার আগে সুজাত আলী নামে এক ট্রাকচালক তেল নিতে ফিলিং স্টেশনে আসেন। তেল নেওয়া নিয়ে ম্যানেজার নাহিদের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে চালক নাহিদকে চাপা দেওয়ার হুমকি দেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার পরও চালক পাম্প এলাকায় অবস্থান করেন। রাতে কাজ শেষে নাহিদ তার সহকর্মী জিহাদকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে ট্রাকটি তাদের পেছনে ধাওয়া করে। একপর্যায়ে দ্রুতগতির ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয় এবং জিহাদ গুরুতর আহত হন।
এ ঘটনায় নিহতের চাচা ও ফিলিং স্টেশনের মালিক মো. রবিউল ইসলাম রোববার দুপুরে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন, যেখানে সুজাত আলী মোল্যাকে প্রধান আসামি করা হয়েছে।
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট তদন্তে নামে। রোববার দুপুরে যশোরের বেনাপোল ট্রাক টার্মিনাল থেকে ঘাতক ট্রাকটি (যশোর-ট-১১-৬০৪০) জব্দ করে নাভারণ হাইওয়ে থানা পুলিশ। একইদিন বিকেলে র্যাব-৬ অভিযান চালিয়ে অভিযুক্ত চালককে গ্রেফতার করে।

