যশোর শহরে মাদক কারবারে আলোচিত তৃষা আক্তার প্রিয়া আবারও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন। শুক্রবার বিকেলে শহরের রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে এবং তার সহযোগীকে আটক করে চাঁচড়া পুলিশ ফাঁড়ির একটি দল।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রেলবাজারের আনোয়ার এন্টারপ্রাইজ সংলগ্ন একটি গলিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক কেনাবেচার সময় হাতেনাতে আটক হন প্রিয়া ও তার সহযোগী রোকেয়া বেগম।
তল্লাশি চালিয়ে প্রিয়ার কাছ থেকে ৫১ পিস এবং রোকেয়ার কাছ থেকে ১০ পিসসহ মোট ৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির নগদ ৪২০ টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আটক রোকেয়া বেগম রেলস্টেশন পূর্বপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, প্রিয়া দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১৪টি মামলা বিচারাধীন রয়েছে। এর আগে একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়েন তিনি।
এছাড়া, প্রিয়া যশোরের চিহ্নিত সন্ত্রাসী ‘পিচ্চি রাজা’র স্ত্রী। অভিযোগ রয়েছে, স্বামী-স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে শহরে একটি মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছেন।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই শুভ কুমার রায় জানান,
“তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। একাধিকবার গ্রেপ্তার হলেও প্রতিবারই জামিনে বের হয়ে আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।”
আটকের পর দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

