যশোরে পচা বিরিয়ানি খেয়ে ৫ জন অসুস্থ: ক্যাফে নুর হোটেলে উত্তেজনা ও অর্থ ফেরত

আরো পড়ুন

যশোর শহরের আরএন রোডে অবস্থিত ‘ক্যাফে নুর হোটেল’ থেকে পচা বিরিয়ানি খেয়ে অন্তত ৫ জন অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী ও তাদের স্বজনরা হোটেলে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তীব্র উত্তেজনার মুখে শেষ পর্যন্ত হোটেল কর্তৃপক্ষ বিরিয়ানির টাকা ফেরত দিতে বাধ্য হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদ উপলক্ষে যশোর সদর উপজেলার ফতেপুর নালিয়া এলাকার কয়েকজন বন্ধু ও সহকর্মী মিলে একটি আড্ডার আয়োজন করেছিলেন। রাত ১০টার দিকে তারা ওই হোটেল থেকে ২৪ প্যাকেট মুরগি ও খাসির বিরিয়ানি কিনে নিয়ে যান। খাওয়ার পরপরই কয়েকজনের পেটে তীব্র ব্যথা ও বমি শুরু হয়। পরিস্থিতি বেগতিক দেখে ভুক্তভোগীরা রাতেই হোটেলে ফিরে এসে অভিযোগ জানালে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হোটেলের মালিক বকুলকে ওই বিরিয়ানি খেতে দেওয়া হলে তিনি নিজেই খাবারটি নষ্ট বলে স্বীকার করে নেন। পরে জনরোষের মুখে তিনি খাবারের পুরো টাকা ফেরত দেন এবং নিজের ভুল স্বীকার করেন।
ভুক্তভোগী মনির হোসেন ও ইসমাইল হোসেন অভিযোগ করে বলেন, “খাবার কেনার সময়ও হোটেলের কর্মচারীরা আমাদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেন। বিরিয়ানি খাওয়ার পরপরই আমাদের বমি শুরু হয়। প্রশাসনের উচিত এ ধরনের নিম্নমানের খাবার পরিবেশনকারী হোটেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।”
এ বিষয়ে হোটেলের মালিক বকুলের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, ক্যাফে নুর হোটেলের খাবারের মান এবং কর্মচারীদের অশোভন আচরণ নিয়ে নিয়মিতই ক্রেতাদের সঙ্গে ঝামেলা বাঁধে।

আরো পড়ুন

সর্বশেষ