বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্যের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন সাবেক দুই মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এই তিন আসামির জামিন মঞ্জুর করেন।
:
আদালত সূত্র জানায়, ২০২২ সালের ৩ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক জিয়াউর রহমানকে ‘রাজাকার ও যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করেন। এছাড়া ২০২১ সালে এক সেমিনারে তিনি জিয়াউর রহমানকে ‘মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী’ বলেও মন্তব্য করেছিলেন।
অন্যদিকে, মামলার অপর দুই আসামি জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে ২০১৩ সালে পৃথক অনুষ্ঠানে জিয়াউর রহমান ও জিয়া পরিবারকে নিয়ে কুরুচিপূর্ণ ও বিরূপ মন্তব্য করার অভিযোগ রয়েছে।
:
২০২৪ সালের ২২ আগস্ট অ্যাডভোকেট জিয়াউল হক বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মানহানি মামলাটি দায়ের করেছিলেন। এর আগে, গত ২১ জানুয়ারি এই মামলায় রাশেদ খান মেনন ও বিচারপতি মানিককে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও শুনানি শেষে আজ আদালত তাদের জামিনের আবেদন গ্রহণ করে কারামুক্তির আদেশ দেন।
উল্লেখ্য, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এই তিন প্রভাবশালী ব্যক্তিত্ব বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। তবে এই নির্দিষ্ট মানহানি মামলায় আজ তারা আদালত থেকে আইনি স্বস্তি পেলেন।
জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য: ইনু, মেনন ও বিচারপতি মানিকের জামিন মঞ্জুর

