যশোর সদর উপজেলার সতিঘাটা এলাকায় এক রিকশাচালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে রিকশা ছিনতাই করে নিয়ে গেছে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সতিঘাটা মাদ্রাসা রোডের একটি নির্জন স্থানে এই নৃশংস ঘটনা ঘটে।
আহত রিকশাচালকের নাম সেলিম (৫০)। তিনি যশোর সদর উপজেলার বকচর গ্রামের মৃত নুরু ইসলামের ছেলে।
ভিকটিম ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে যশোর শহরের আরএন রোড নতুন বাজার এলাকা থেকে অজ্ঞাতনামা দুইজন ব্যক্তি সেলিমের রিকশাটি ভাড়া করেন। তারা গন্তব্য হিসেবে সতিঘাটা মাদ্রাসা রোডের কথা বলেন। রিকশাটি ওই রোডের একটি ফাঁকা ও নির্জন জায়গায় পৌঁছালে পেছন থেকে যাত্রীবেশধারী দুষ্কৃতকারীরা সেলিমের মাথায় হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করে।
মাথায় গুরুতর আঘাত পাওয়ায় সেলিম রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এই সুযোগে দুষ্কৃতকারীরা তার রিকশাটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় পথচারীরা তাকে আশঙ্কাজনক ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় আঘাত গভীর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় ফাঁড়ি পুলিশ ও কোতোয়ালি মডেল থানা পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ছিনতাই হওয়া রিকশাটি উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের অভিযান শুরু হয়েছে বলে জানা গেছে।

