বকেয়া বেতন ও বোনাসের দাবিতে যশোরে ‘চাল ডাল’ কর্মীদের কর্মবিরতি: বিপাকে গ্রাহকরা

আরো পড়ুন

যশোরে বকেয়া বেতন ও আসন্ন ঈদুল ফিতরের বোনাসের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন অনলাইন গ্রোসারি শপ ‘চাল ডাল’-এর ডেলিভারি কর্মীরা। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে শহরের ঘোপ সেন্ট্রাল রোডে অবস্থিত প্রতিষ্ঠানের ডেলিভারি পয়েন্টে কাজ বন্ধ রেখে অবস্থান নেন তারা।
বকেয়া বেতন ও বোনাসের দাবি:
আন্দোলনরত কর্মীরা জানান, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের পুরো বেতন এবং মার্চ মাসের ১৫ তারিখ পর্যন্ত পাওনা এখনো পরিশোধ করেনি কর্তৃপক্ষ। ঈদের মাত্র এক দিন বাকি থাকলেও এখন পর্যন্ত বোনাস দেওয়া হয়নি। বারবার আশ্বাস দেওয়া হলেও পাওনা টাকা না মেলায় ২৫ জন কর্মী এই আন্দোলনে যোগ দিয়েছেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল— “এক দফা এক দাবি, বেতন-বোনাস একসাথে চাই।”
মানবেতর জীবনযাপন ও ক্ষোভ:
আন্দোলনরত এক কর্মী আক্ষেপ করে বলেন, “ঈদের আগে বেতন-বোনাস না পেলে পরিবার নিয়ে ঈদ কাটানো অসম্ভব হয়ে পড়বে। সন্তানদের নতুন কাপড় বা বাবা-মায়ের জন্য কেনাকাটা করতে পারছি না। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় আমরা এই পথ বেছে নিয়েছি।” তারা অভিযোগ করেন, সম্প্রতি আইটি পার্কের কল সেন্টার কর্মীরা আন্দোলন করায় তাদের বেতন দেওয়া হলেও ডেলিভারি কর্মীদের বঞ্চিত রাখা হয়েছে।
:
এ বিষয়ে চাল ডালের যশোর শাখার ব্রাঞ্চ ম্যানেজার রিপন হোসেন জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। দ্রুতই বেতন ও বোনাস দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
:
কর্মীদের আকস্মিক কর্মবিরতির ফলে ডেলিভারি পয়েন্টে বিপুল পরিমাণ পণ্য জমে গেছে। সময়মতো পণ্য সরবরাহ না হওয়ায় সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন। তবে আন্দোলনকারীরা সাফ জানিয়েছেন, আজকের মধ্যে দাবি পূরণ না হলে তারা কাজে ফিরবেন না।

আরো পড়ুন

সর্বশেষ