যশোর শহরের সুতিঘাটা এলাকায় এক রিকশাচালককে হত্যা করা হয়েছে। রোববার (১৫ মার্চ) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন (৪০) চাঁচড়া বড় মাদ্রাসা এলাকার মৃত রজব আলীর ছেলে। তিনি বর্তমানে ঝুমঝুমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার রিকশাটি ছিনতাই করেছে বলে ধারণা করা হচ্ছে। পরে পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসিব আল হাসান জানান, আলমগীরকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছিল।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
স্থানীয়রা জানান, একই স্থানে কয়েকদিন আগেও একইভাবে আরেকজনকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে এমন ঘটনা ঘটায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

