যশোর শহরের ব্যস্ততম মনিহার এলাকা থেকে রহস্যজনক এক বস্তুসমেত শাপলা খাতুন স্বপ্না (২৫) নামে এক তরুণীকে আটক করেছে পুলিশ। তার কাছে থাকা ‘হিটসিন’ প্যাকেটে মোড়ানো ওই বস্তুগুলো নিয়ে সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ব্যাপক কৌতূহল ও রহস্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আনুমানিক আটটার দিকে তাকে আটক করা হয়। আটক শাপলা সাতক্ষীরা সদর উপজেলার আখতারুজ্জামানের মেয়ে। বর্তমানে তিনি ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনিহার এলাকা থেকে ওই তরুণীকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বিশেষ কায়দায় মোড়ানো কিছু বস্তু উদ্ধার করা হয়, যা আগে কখনো দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি কোনো নতুন ধরনের শক্তিশালী মাদক হতে পারে। তবে বস্তুটি আসলে কী—তা নিশ্চিত হতে পরীক্ষাগারে (ল্যাব) পাঠানো হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার জানান, “বস্তুটি সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আমরা আলামত পরীক্ষার জন্য পাঠিয়েছি। শুক্রবার রিপোর্ট পাওয়া গেলে বিষয়টি পরিষ্কার হবে। রিপোর্ট আসতে দেরি হলে সন্দেহভাজন হিসেবে তাকে আদালতে সোপর্দ করা হবে।”
এদিকে, শহরে এমন খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন শুরু হয়েছে। হিটসিন প্যাকেটে মোড়ানো ওই বস্তুগুলো কি কোনো উচ্চ প্রযুক্তির বিস্ফোরক, নতুন কোনো সিন্থেটিক মাদক, নাকি অন্য কোনো অবৈধ দ্রব্য—তা জানতে এখন সবাই ল্যাব রিপোর্টের অপেক্ষায় রয়েছেন।
যশোরে তরুণীর কাছে ‘রহস্যজনক’ বস্তু উদ্ধার: রহস্যভেদে ল্যাব রিপোর্টের অপেক্ষা

