সাভারে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা;

আরো পড়ুন

সাভারে এক তরুণীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় শাহাদাত হোসেন নামে এক স্থানীয় বিএনপি নেতার ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে একদল যুবক। বুধবার (১১ মার্চ ২০২৬) এই হামলার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
:
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় এক তরুণী ‘রিয়া মনি’কে (ছদ্মনাম) দীর্ঘদিন ধরে একদল যুবক উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি নিয়ে রিয়া মনির বাবা মো. মকমেল স্থানীয় বিএনপি নেতা শাহাদাত হোসেনের কাছে প্রতিকার চান। শাহাদাত হোসেন বিষয়টি মীমাংসা করতে অভিযুক্তদের কাছে গেলে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে।
:
হাসপাতালে চিকিৎসাধীন শাহাদাত হোসেন বলেন, “মেয়েটিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় আমিন ও তার দলবল আমার ওপর হামলা চালায়। তারা ছুরি দিয়ে আমার মাথায় আঘাত করে এবং লাঠিসোটা ও শাবল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।”
রিয়া মনির বাবা মো. মকমেল বলেন, “আমার মেয়েকে ইভটিজিং করার বিচার নিয়ে শাহাদাত ভাইয়ের কাছে গিয়েছিলাম। তিনি আমাকে সঙ্গে নিয়ে অভিযুক্তদের কাছে গেলে তারা আমাদের ওপর লোহার রড ও শাবল দিয়ে আক্রমণ করে। আমাকেও বেধড়ক মারধর করা হয়েছে।”
অভিযুক্ত আয়ুব খান দাবি করেন, তার ছেলেকে মারধর করা হয়েছে শুনে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। তিনি একটি শাবল হাতে থাকার কথা স্বীকার করলেও কাউকে আঘাত করেননি বলে দাবি করেন।
:
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বর্তমানে ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ