ফ্যামিলি কার্ডের অর্থ সরাসরি যাবে মোবাইল ওয়ালেটে

আরো পড়ুন

দেশের হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় অর্থ প্রাপ্তির প্রক্রিয়া এবং বরাদ্দ নিয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এই প্রকল্পের আওতায় সুবিধাভোগী নারীরা তাদের পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি ভাতার টাকা হাতে পাবেন।
বরাদ্দ ও বাস্তবায়ন পরিকল্পনা: আগামী জুন ২০২৬ পর্যন্ত পাইলটিং পর্যায়ের জন্য মোট ৩৮.০৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে বড় একটি অংশ অর্থাৎ ২৫.১৫ কোটি টাকা (৬৬.০৬ শতাংশ) সরাসরি নগদ সহায়তা হিসেবে প্রদান করা হবে। অবশিষ্ট ১২.৯২ কোটি টাকা (৩৩.৯৪ শতাংশ) তথ্য সংগ্রহ, অনলাইন সিস্টেম তৈরি এবং কার্ড প্রস্তুতির মতো কারিগরি কাজে ব্যয় করা হবে। তথ্য সংগ্রহকালেই উপকারভোগীদের ডিজিটাল লেনদেনের প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা হয়েছে।
স্বচ্ছতা ও নিরপেক্ষতা: সুবিধাভোগী নির্বাচনে কোনো ধরনের দলীয়করণের অভিযোগ অস্বীকার করে অর্থমন্ত্রী বলেন, “সম্পূর্ণ স্বচ্ছ ও স্বাধীন প্রক্রিয়ার মাধ্যমে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। আমরা চাই দেশের অর্থনীতির সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাক।” তিনি আরও জানান, প্রথম পর্যায়ে অতিদরিদ্রদের প্রাধান্য দেওয়া হলেও ভবিষ্যতে দেশের সকল নারীপ্রধান পরিবারকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা সরকারের রয়েছে।
অর্থনৈতিক সক্ষমতা: বড় ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করা চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি বলেন, বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ এই প্রকল্পের সঙ্গে যুক্ত। তাই শুরু থেকেই ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ