নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে তেলের কৃত্রিম সংকট তৈরি ও প্রয়োজনীয় কাগজপত্র না রাখার দায়ে দুটি ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ মার্চ) দুপুরে চাটখিল পৌর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল পৌর বাজারের ‘তারাজ ফিলিং স্টেশন’ ও ‘আনিতাশ ফিলিং স্টেশনে’ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী। অভিযানে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি এবং নথিপত্র সংরক্ষণে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তারাজ ফিলিং স্টেশনকে ৫ হাজার এবং আনিতাশ ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, জনস্বার্থে তেলের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট: দুই ফিলিং স্টেশনকে জরিমানা

