যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ডুমদিয়া গ্রামে আওয়ামী লীগ কর্মীদের অতর্কিত হামলায় বিএনপির তিন কর্মী গুরুত্বর আহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় এই হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন নারাঙ্গালী গ্রামের নূর ইসলামের ছেলে আমিন আলী, গোলাম রসুলের ছেলে আব্দুর রহমান এবং ফারুক হোসেনের ছেলে মিঠু হোসেন। তারা সকলেই স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
হাসপাতালে চিকিৎসাধীন আহত মিঠু হোসেন জানান, শনিবার বেলা ১১টার দিকে তারা ডুমদিয়া গ্রামের আসাদুলের চায়ের দোকানে বসে সময় কাটাচ্ছিলেন। এসময় একই গ্রামের চিহ্নিত আওয়ামী লীগ কর্মী ইমান, ইউসুফ, তালেব, মানিক ও উজ্জ্বলসহ অজ্ঞাত আরও ৭-৮ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
হামলাকারীরা তাদের এলাপাতাড়ি পিটিয়ে এবং ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। ভুক্তভোগীদের দাবি, অভিযুক্তরা ৫ই আগস্টের পর থেকে এলাকা ছাড়া থাকলেও সম্প্রতি গ্রামে ফিরে এই তণ্ডব চালিয়েছে।
আহতদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে।

