দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং বর্তমানে পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগের একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে তিনি এই তথ্য জানান।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জনগণকে আশ্বস্ত করে বলেন, দেশে তেলের সরবরাহ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। তবে আন্তর্জাতিক পরিস্থিতির দোহাই দিয়ে কেউ যেন আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল মজুত না করেন, সে বিষয়ে তিনি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, গুজব ছড়িয়ে অতিরিক্ত ক্রয়ের ফলে বাজারে কৃত্রিম অস্থিরতা তৈরি হতে পারে।
প্রতিমন্ত্রী আরও জানান, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আগামী রোববার থেকে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে যেন তার প্রভাব সাধারণ মানুষের ওপর সর্বনিম্ন থাকে, সে বিষয়ে সরকার সজাগ রয়েছে। তবে প্রয়োজনে আন্তর্জাতিক বাজারের সাথে দাম সমন্বয়ের ইঙ্গিতও দিয়েছেন তিনি।
রোববার থেকে তেল বিক্রিতে রেশনিং: আতঙ্কে মজুত না করার আহ্বান প্রতিমন্ত্রীর

