টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য এবং টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জোয়াহেরুল ইসলাম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভারতের কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেডে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ। শারীরিক অবস্থার অবনতি হলে সপ্তাহখানেক আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শুক্রবার মাল্টি অর্গান ফেলিওর এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভারতে চলে যান এবং কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন। পরবর্তীতে তার স্ত্রীও মেডিকেল ভিসায় ভারতে গিয়ে তার সাথে অবস্থান করছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে তার মরদেহ হাসপাতালেই রাখা হয়েছে। শনিবার ভোরে মরদেহ সংরক্ষণের জন্য কলকাতার ‘পিস হেভেন’-এ নেওয়া হবে। এরপর প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ বাংলাদেশে পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইলের রাজনীতিতে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তিনি ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেন। এছাড়া তিনি টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।

