যশোরের মণিরামপুর থানাধীন রোহিতা বাজারে একটি মোবাইল ব্যাংকিংয়ের দোকান থেকে টাকা চুরির ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরির নগদ ৬০ হাজার টাকা এবং চুরির কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৪:৪৭ মিনিটের দিকে রোহিতা ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত ‘জাহিদ টেলিকম/মুছা স্টোর’ নামক বিকাশ ও মোবাইল ব্যাংকিংয়ের দোকানে এই চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক আছরের নামাজ পড়ার জন্য দোকানের ক্যাশ ড্রয়ারে নগদ ৪ লক্ষ ৩০ হাজার টাকা রেখে তালাবদ্ধ করেন এবং কলাপসিবল গেট টেনে মসজিদে যান। নামাজ শেষে ফিরে এসে তিনি দেখেন গেট খোলা এবং ড্রয়ারের তালা ভেঙে ড্রয়ারে থাকা সমস্ত টাকা চুরি হয়ে গেছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর যশোর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় তদন্তে নামে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। এসআই দেবব্রত ঘোষের নেতৃত্বে একটি চৌকস টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরচক্রের অবস্থান শনাক্ত করে।
পরবর্তীতে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অভিযান পরিচালনা করে খুলনা জেলার পাইকগাছা থানা এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:. মো: মমিন গাজী (৩৫), পিতা- মৃত আনসার গাজী। মোঃ রফিক গাজী, পিতা- মো: ফজলু গাজী।
(উভয় গ্রাম: বিরাশি, থানা: পাইকগাছা, জেলা: খুলনা)।
উদ্ধারকৃত মালামাল
গ্রেফতারের সময় আসামিদের হেফাজত থেকে চুরিকৃত টাকার মধ্যে নগদ ৬০,০০০ (ষাট হাজার) টাকা, অপরাধে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় চোরচক্রের বাকি সদস্যদের ধরতে এবং অবশিষ্ট টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

