নড়াইলে বাবা-ছেলেসহ তিনজনকে কুপিয়ে হত্যা: ৬৯ জনের বিরুদ্ধে মামলা, আটক ৭

আরো পড়ুন

নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাবা-ছেলেসহ তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নিহত খলিল শেখের ছেলে রুবেল শেখ বাদী হয়ে নড়াইল সদর থানায় এই মামলাটি করেন।

মামলায় এজাহারনামীয় ৬৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৪৫ জনকে আসামি করা হয়েছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তিন ব্যক্তি হলেন: খলিল শেখ. তাহাজ্জত শেখ (খলিল শেখের ছেলে)
ফেরদাউস হোসেন (প্রতিবেশী)

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের পূর্বশত্রুতার জেরে গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। এতে এক পক্ষের ওই তিন জন এবং অপর পক্ষের তসিকুর ফকির নামে আরও একজন নিহত হন। তবে তসিকুর ফকির হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো পাল্টা মামলা দায়ের করা হয়নি বলে জানা গেছে।

ওসি মো. ওলি মিয়া জানান, হত্যাকাণ্ডের পর থেকেই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও বলেন:
“হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে। এখন পর্যন্ত সাতজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আটককৃতদের নাম এই মুহূর্তে প্রকাশ করা হচ্ছে না।”

বর্তমানে নড়াইল সদর থানা পুলিশ আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।

আরো পড়ুন

সর্বশেষ