চৌগাছায় হামলার শিকার সাবেক কাউন্সিলর শাহিনুরের মৃত্যু

আরো পড়ুন

য়শোরের চৌগাছায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত সাবেক কাউন্সিলর শাহিনুর রহমান (৫০) মারা গেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত শাহিনুর রহমান চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং উপজেলার কারিগরপাড়া গ্রামের মৃত এনায়েত আলীর ছেলে। তিনি স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি চৌগাছা উপজেলার ছুটিপুর বাসস্ট্যান্ড এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে শাহিনুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বিএনপি সমর্থিত কর্মী সাইফুল্লাহ, সুজাউল ও ফারুক হোসেনসহ একদল দুর্বৃত্ত বাঁশের লাঠি ও কাঠ দিয়ে তার মাথায় প্রচণ্ড আঘাত করেন।
হামলায় শাহিনুর রহমান গুরুতর জখম হলে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে দীর্ঘ সাতদিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার রাতে তার মৃত্যু হয়।

শাহিনুর রহমানের মৃত্যুর সংবাদ চৌগাছায় পৌঁছালে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, “হামলার ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”

আরো পড়ুন

সর্বশেষ