নিজস্ব প্রতিবেদক, শার্শা (যশোর) যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
আটককৃত মাদক কারবারির নাম রুপিয়া খাতুন (৪০)। তিনি সাতক্ষীরা জেলা সদর উপজেলার বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কায়বা বিওপির সদস্যরা বিশেষ তল্লাশি অভিযান শুরু করেন। অভিযানে সন্দেহভাজন রুপিয়া খাতুনকে চ্যালেঞ্জ করা হলে তার কাছ থেকে ১৫৯৩ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে চোরাচালান রোধ এবং মাদক কারবারিদের দমনে বিজিবি দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় আজকের এই সফল অভিযান পরিচালিত হয়েছে।
তিনি আরও যোগ করেন, “দেশের সীমান্ত রক্ষা এবং মাদকসহ যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে বিজিবি’র এই কঠোর অবস্থান ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।?

