পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে রোজা পালন শুরু করছেন চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা। আজ মঙ্গলবার দিবাগত রাতে সেহরি খেয়ে তারা প্রথম রোজা পালন করবেন।
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী, বোয়ালখালী, আনোয়ারা ও পটিয়াসহ বিভিন্ন উপজেলার অর্ধশতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ দীর্ঘ ২০০ বছরের বেশি সময় ধরে এই নিয়ম অনুসরণ করে আসছেন। বিশ্বের যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলেই ধর্মীয় উৎসব পালনের এই রীতি প্রবর্তন করেছিলেন মির্জাখীল দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মোখলেছুর রহমান জাহাঁগীরি (রহ.)।
যেসব এলাকায় কাল রোজা শুরু হচ্ছে
মির্জাখীল দরবারের অনুসারী অধ্যুষিত প্রধান এলাকাগুলোর মধ্যে রয়েছে:
* সাতকানিয়া: মির্জাখীল, সোনাকানিয়া, ছোটহাতিয়া, আছারতলি, সাইরতলি, গারাঙ্গিয়া, এওচিয়া, খাগরিয়া, ছদাহা ও গাটিয়াডাঙ্গা।
* লোহাগাড়া: কলাউজান, বড়হাতিয়া, পুটিবিলা, চরম্বা ও চুনতি।
* বাঁশখালী: জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চাম্বল, শেখেরখীল, ডোংরা, তৈলারদ্বীপ ও কালিপুর।
* পটিয়া: হাইদগাঁও, বাহুলী ও ভেল্লাপাড়া।
এ ছাড়াও বোয়ালখালী, চন্দনাইশসহ দেশের বিভিন্ন জেলা এবং বিশ্বের বিভিন্ন দেশে (জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড ইত্যাদি) অবস্থানরত এই দরবারের অনুসারীরাও আগামীকাল থেকে সিয়াম সাধনা শুরু করবেন।
মির্জাখীল দরবারের দায়িত্বশীল মুহাম্মদ জালালুল হাই জানান, তারা হানাফি মাজহাবের অনুসারী। পৃথিবীর যেকোনো দেশে চাঁদ দেখা গেলে এবং সময়ের ব্যবধান, দ্রাঘিমাংশ ও অক্ষাংশের হিসেবে চাঁদের অবস্থান বিবেচনায় তারা এই সিদ্ধান্ত নিয়ে থাকেন। মক্কা-মদিনাসহ আরব বিশ্বের চাঁদ দেখার খবর নিশ্চিত হয়েই তারা বুধবার থেকে রোজা রাখার প্রস্তুতি নিয়েছেন।
প্রথম রোজা | ১৮ ফেব্রুয়ারি, বুধবার |
সেহরি গ্রহণ | ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাত | | আরব বিশ্বের সঙ্গে মিল ও হানাফি মাজহাবের ফতোয়া |

