যশোর যশোর শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে পেটের ভেতর অভিনব কায়দায় ইয়াবা বহনকারী মাসুদ রানা (২০) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৬। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে আটক করা হয়। আটক মাসুদ রানা শার্শা উপজেলার গোরপাড়া কলোনিপাড়ার হোসেন আলীর ছেলে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মণিহার এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার পেটের ভেতর ইয়াবা থাকার কথা স্বীকার করে। পাচারের এই ভয়ংকর ও ঝুঁকিপূর্ণ পদ্ধতি দেখে র্যাব সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, বিশেষ প্রক্রিয়ায় ধাপে ধাপে তার পেট থেকে ইয়াবা ট্যাবলেটগুলো বের করা হচ্ছে। কতগুলো ট্যাবলেট তার পেটে রয়েছে, তা পুরোপুরি প্রক্রিয়া শেষ হওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
মাদকবিরোধী এই অভিযানে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের সঙ্গে জড়িত মূল হোতাদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।

