আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের পক্ষে ঝটিকা প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন তাঁর স্ত্রী সাগরিকা পারভিন লিটন। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের দাউদখালী গ্রামে আয়োজিত এক বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাগরিকা পারভিন লিটন বলেন, “শার্শার কাঙ্ক্ষিত উন্নয়ন এবং সাধারণ মানুষের হৃত ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই নুরুজ্জামান লিটন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশের এই ক্রান্তিলগ্নে গণতন্ত্রকে সুসংহত করতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আপনাদের প্রিয় নেতাকে জয়যুক্ত করুন।”
বক্তব্যকালে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে স্থানীয় নারীদের সচেতন থাকার পরামর্শ দেন। কোনো ধরনের প্রলোভন বা কৌশলী ‘প্রতারণার’ ফাঁদে পা না দিতে তিনি ভোটারদের প্রতি বিশেষ আহ্বান জানান।
কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রার্থীর বোন লাবণী আক্তার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক অলিয়ার রহমান, জাকির হোসেন, আমিরুল মেম্বর ও রিপন মোড়োল।
এছাড়াও জাকির হোসেন বাবলু ও কামরুজ্জামান ধাবকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক তৃণমূল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। দাউদখালী গ্রামের এই সমাবেশটি এক পর্যায়ে শত শত নারীর উপস্থিতিতে বিশাল জনসভায় পরিণত হয়।
ভোটের অধিকার আদায়ের শপথ
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিগত বছরগুলোতে শার্শার মানুষ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সেই অধিকার ফিরিয়ে আনতে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নেন। সমাবেশ শেষে সাগরিকা পারভিন লিটন স্থানীয় বিভিন্ন বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন।

