যশোর শহরের রেল রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং বিপুল পরিমাণ বাসি কেক বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে ‘লাইভ বেকারি অ্যান্ড ফাস্টফুড’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত এক বিশেষ অভিযানে এই দণ্ড প্রদান করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদ ও নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে দুপুর ১২টার দিকে রেল রোড এলাকার ওই বেকারিতে অভিযান চালানো হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
তল্লাশিকালে বেকারির ফ্রিজ ও স্টোর রুমে বিক্রির জন্য সাজিয়ে রাখা প্রচুর পরিমাণ বাসি ও মেয়াদোত্তীর্ণ কেক পাওয়া যায়। এছাড়াও কারখানাটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করতে দেখা যায়, যা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ।
অভিযান চলাকালে প্রতিষ্ঠানের মালিক মমিনুল ইসলাম উপস্থিত না থাকায় ম্যানেজার নুর মোহাম্মদকে জিজ্ঞাসাবাদ করা হয়। ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের সত্যতা মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে জব্দকৃত বাসি খাবার ও কেকগুলো ধ্বংস করা হয়।
সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, “বাসি ও নিম্নমানের খাবার বিক্রি করা গুরুতর অপরাধ। সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থে আমাদের এই তদারকি অভিযান নিয়মিত চলবে।”

