আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ (অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্দিয়া) আসনে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) মনোনীত প্রার্থী সুকৃতি কুমার মণ্ডল তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে অভয়নগর উপজেলার নওয়াপাড়া প্রেসক্লাব অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ‘রকেট’ মার্কার পক্ষে এই উন্নয়ন রূপরেখা তুলে ধরেন।
ইশতেহারে ভবদহ অঞ্চলের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনসহ ১২টি বিষয়কে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
সুকৃতি কুমার মণ্ডল তার ইশতেহারে আধুনিক প্রযুক্তি ও মানবিক সমাজ গঠনের সমন্বয় ঘটিয়েছেন। তার উল্লেখযোগ্য প্রতিশ্রুতিগুলো হলো:
* ভবদহ ও পরিবেশ: ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান নিশ্চিত করা এবং নদী-খাল দখলমুক্ত করে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা।
* নওয়াপাড়া ও বাণিজ্য: নওয়াপাড়াকে চাঁদাবাজ ও সিন্ডিকেটমুক্ত করা। ভারতের সাথে পণ্য পরিবহনে বিশেষ ব্যবস্থা গ্রহণ এবং যশোর ইপিজেড-এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।
* প্রযুক্তি ও তরুণ সমাজ: যুব সমাজের জন্য আধুনিক এআই (AI) সমৃদ্ধ আইসিটি ও টেলিকম প্রযুক্তি ‘ভিলেজ’ তৈরি করা।
* শিক্ষা ও স্বাস্থ্য: নিরক্ষরতা দূরীকরণে প্রতিটি ইউনিয়নে সান্ধ্যকালীন স্কুল প্রতিষ্ঠা এবং সরকারি হাসপাতালে চিকিৎসা ও ওষুধের মান উন্নয়ন। রাজঘাট এলাকায় একটি শিল্প ক্লিনিক চালুর প্রতিশ্রুতিও দেন তিনি।
* সামাজিক নিরাপত্তা: প্রবীণদের জন্য ‘প্রবীণ নিবাস’ এবং ভিক্ষুক পুনর্বাসনের ব্যবস্থা করা। প্রতিটি পরিবারকে শিক্ষা ও প্রযুক্তিবান্ধব করে ‘একটি পরিবার একটি উন্নয়ন কেন্দ্র’ হিসেবে গড়ে তোলা।
* অবকাঠামো: ভৈরব নদে ফেরি চলাচল শুরু করা এবং গ্রামীণ সড়ক ও ধর্মীয় উপাসনালয়ের উন্নয়ন।
ইশতেহারে মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান বিএমজেপি প্রার্থী। এছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি ইউনিয়নে ব্যাংকিং সুবিধা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন তিনি।
> উপস্থিত নেতৃবৃন্দ: ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমজেপি জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সুকুমার রায়, সহ-সভাপতি প্রভাত কুমার ব্যানার্জী, সুজন সরকার, যুগ্ম আহ্বায়ক শান্তি রায় বিশ্বাস, সদস্য সচিব উদয় জোয়ারদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

