পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪শ ফাঁসির দণ্ডপ্রাপ্তসহ ৫৬৯০ বন্দি

আরো পড়ুন

ঢাকা বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হয়েছে। এই প্রথমবারের মতো ৫ হাজার ৬৯০ জন কারাবন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। বিশেষ বিষয় হলো, এই ভোটারদের তালিকায় দেশের বিভিন্ন কারাগারে থাকা চারশ’র বেশি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিও রয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে কারা অধিদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি–মিডিয়া) জান্নাত-উল ফরহাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে দেশের কারাগারগুলোতে ভোটগ্রহণ শুরু হয়েছে। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ বিভিন্ন কারাগারে বিশেষ বুথ স্থাপন করে সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বন্দিরা ভোট দিচ্ছেন। ৪ ফেব্রুয়ারি সরকারি ছুটি বাদে ৫ ও ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই ভোটগ্রহণ কার্যক্রম চলবে।

কারা অধিদফতর সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের অ্যাপের মাধ্যমে যারা নিবন্ধন করেছিলেন, তাদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ৫ হাজার ৬৯০ জনকে চূড়ান্ত ভোটার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন:
* ফাঁসির দণ্ডপ্রাপ্ত বন্দি: ৪ শতাধিক (যাদের আপিল প্রক্রিয়া বর্তমানে চলমান)।
* রাজনৈতিক ব্যক্তিত্ব: গত ৫ আগস্টের গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলায় কারাবন্দি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও এমপি মিলিয়ে মোট ২২ জন।
* উচ্চপদস্থ কর্মকর্তা: সাবেক ৫ জন সচিব এবং পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা।
তবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হিসেবে এবং ব্যক্তিগত অনীহার কারণে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি।

প্রতিটি ভোটারের জন্য নির্বাচন কমিশন থেকে আলাদা খামযুক্ত পোস্টাল ব্যালট পেপার পাঠানো হয়েছে। বন্দিরা গোপনীয়তা রক্ষা করে বুথে ঢুকে তাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিয়ে ব্যালট পেপারগুলো পুনরায় খামবন্দি করে জমা দিচ্ছেন।
সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল ফরহাদ বলেন, বন্দিদের ইচ্ছা অনুযায়ী স্বচ্ছ প্রক্রিয়ায় এই নিবন্ধন সম্পন্ন হয়েছে। বর্তমানে সুষ্ঠুভাবে ভোটদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ