:
আসন্ন নির্বাচনে জয়ী হলে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে দলীয় পরিচয় ও ঘুষের সংস্কৃতির অবসান ঘটানোর ঘোষণা দিয়েছেন যশোর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার সদর উপজেলার কচুয়া ইউনিয়নের দেয়াপাড়া ও কৈখালী গ্রামে আয়োজিত পৃথক পথসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি চাকরি পেতে হলে দলীয় পরিচয় লাগত এবং বিপুল অর্থ লেনদেন করতে হতো। কিন্তু বিএনপি ক্ষমতায় এলে চাকরি পেতে কাউকে বিএনপি করতে হবে না, এক টাকাও ঘুষ দিতে হবে না। সম্পূর্ণ মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা হবে।”
বক্তব্যে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর বিশেষ জোর দিয়ে বলেন, ধর্ম বা রাজনীতির ভিত্তিতে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির ইতিহাস বিএনপির নেই। তিনি আরও বলেন: ইসলাম ধর্মসহ প্রতিটি ধর্মই সাম্য ও সম্প্রীতির কথা বলে। যারা ধর্মের দোহাই দিয়ে বিভক্তি সৃষ্টি করে, তারা প্রকৃত ধর্ম থেকে অনেক দূরে। বিএনপি মানুষের শাসন নয়, সেবায় বিশ্বাসী।
বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, একদলীয় শাসন ও শোষণের জন্য মানুষের মধ্যে বিভক্তি তৈরি করা হচ্ছে। ধানের শীষকে সামাজিক নিরাপত্তা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রতীক হিসেবে উল্লেখ করে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের সমর্থন প্রত্যাশা করেন তিনি।
পথসভায় কৈখালী গ্রামের বাসিন্দা দীনবন্ধু মিত্র প্রয়াত নেতা তরিকুল ইসলামের সময়ের হিন্দু-মুসলিম সম্প্রীতির কথা স্মরণ করেন। তিনি অনিন্দ্য ইসলাম অমিতের কাছে সেই শান্তিপূর্ণ ও অসাম্প্রদায়িক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান। অমিতও সেই সম্প্রীতি বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

